প্রবাসীর স্ত্রীর ঘরে আওয়ামী লীগ নেতার মরদেহ

সিলেটের সময় ডেস্ক :

 

ঝালকাঠির পৌর এলাকায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে রিপন মল্লিক নামে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসীর স্ত্রী ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই প্রবাসীর স্ত্রীকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।

রিপন মল্লিক জেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি একই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে।

নিহত রিপন মল্লিকের প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রী তার ঘরের ভেতর থেকে চিৎকার দিচ্ছিলেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি, রিপন মল্লিক মেঝেতে পড়ে আছেন। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক রিপন মল্লিককে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় আটক নারীর বোনের ছেলে বলেন, ‘রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন আমার খালা ও খালু। সেই সুবাদে রিপন আমার খালার বাসায় আসা-যাওয়া করতেন। রিপনের সঙ্গে তার নিজের ভাইয়ের জমি নিয়ে বিরোধ ছিল। তবে ঘটনার দিন রিপন কেন আমার খালার ঘরে এসেছিলেন, তা আমাদের জানা নেই।’

মরদেহের সুরতহাল শেষে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ঝালকাঠি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম।

তিনি বলেন, ‘যে নারীর ঘরে হত্যা করা হয়েছে, তার সঙ্গে রিপনের সম্পর্ক ছিল বলে তথ্য পেয়েছি। আমরা ওই নারীকে আটক করেছি। রিপন মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য