সিলেটে ১৮ লাখ টাকার ভারতীয় চিনিসহ দুজন গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ট্রাক ভর্তি ২৮৭ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা।
শনিবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় নগরীর টিলাগড় থেকে চিনি জব্দ ও চোরাকারবারিদের গ্রেফতার করা হয়। এ সময় অবৈধ চিনি ভর্তি ট্রাকও জব্দ করে নিয়ে আসে ডিবি পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) রাতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসএমপির মিডিয়া শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়-গোপন সংবাদ পেয়ে শনিবার ভোর সাড়ে ৬টায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের টিম-১ অভিযান চালিয়ে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন টিলাগড় পয়েন্টস্থ ভাইভাই পাইকারীবাজার দোকানের সামনে ট্রাক ভর্তি ২৮৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। গ্রেফতার করা দুই চোরাকারবারিকে।
গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার কেশবপুর থানাধীন মধ্যকুল গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩২) ও একই জেলার কোতোয়ালী থানাধীন যশোর গ্রামের বাবু ডালির ছেলে ইব্রাহিম হোসনে (২৫)।
তাদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ-১৩/০১/২০২৪ইং।
