কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীর
সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে কারচুপি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন এক হাজার ৯৬২ ভোটে পরাজিত স্বতন্ত্র প্রার্থী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
আজ মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া।
লিখিত অভিযোগে তিনি বলেন, ‘গত রবিবার ফরিদপুর-২ আসনে সংসদ সদস্য পদে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি।
জামাল মিয়া আরো বলেন, ‘আমার চোখের সামনে ভোট কেটে নিয়েছে। প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে ও জাল ভোট দিয়েছে।
জামাল মিয়া বলেন, ‘প্রহসনের নির্বাচন, কারচুপির নির্বাচন ও ব্যালট ছিনতাইয়ের নির্বাচন সালথা-নগরকান্দাবাসী প্রত্যাখ্যান করেছে। তাই আমি এই ফলাফল মানি না। আমার ঈগল প্রতীকের অনেক ভোট নষ্ট করা হয়েছে। আমি ভোটে জিতেছি। আমাকে জোর করে এক হাজার ৯৬২ ভোটে পরাজিত দেখানো হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের এক দিন যেতে না যেতেই আমার সমর্থকদের অন্তত ২০০ বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে। আমার নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাত চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে জামাল হোসেন মিয়া বলেন, ‘যেসব কেন্দ্রে অনিয়ম, ব্যালট ছিনতাই, জাল ভোট ও প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে, মৃত ব্যক্তি ও প্রবাসীদের ভোট কাস্ট দেখানো হয়েছে, সেসব কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশকে যারা অমান্য করে নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মো. আনোয়ার হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা প্রমুখ।
প্রসঙ্গত, গত রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে জয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি এক হাজার ৯৬২ ভোট বেশি পেয়ে সেসরকারিভাবে বিজয়ী হন। নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী পান ৮৭ হাজার ১৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া পান ৮৫ হাজার ২৩২ ভোট।
