লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন পরিবেশমন্ত্রী
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার প্রার্থী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মন্ত্রী বড়লেখা পৌরসভার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙল) গতকাল শনিবার নির্বাচন থেকে সরে
দাঁড়ান। ফলে আসনটিতে আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রার্থী মো. শাহাব উদ্দিন (নৌকা) এর সঙ্গে লড়ছেন তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম (ট্রাক)।
একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬৩৫। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯৬৫। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৭০।
সংশ্লিষ্টরা জানান, সকাল ৮টা থেকে মৌলভীবাজার-১ আসনে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে।
