ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ

সিলেটের সময় ডেস্ক :

 

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে সড়কের উভয় দিকে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্কাইলাইন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে আশুলিয়া থানা ও সাভার হাইওয়ে পুলিশের উত্তেজিত জনতার মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

নিহত পথচারী হলেন রিপন শেখ (২৫)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জের জলিল শেখের ছেলে।

তিনি আশুলিয়ার একটি গোডাউনে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত দুইজন স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রিপন শেখ রিকশায় ওঠার অপেক্ষা করছিলেন।

তখন বাইপাইলমুখী একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ছাড়া দুজন আহত হন। উত্তেজিত জনতা ট্রাক ও ট্রাকের চালককে আটক করে। পরে পুলিশ এসে ট্রাক জব্দ করে ও ট্রাকের চালককে আটক করে।
 

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, উত্তেজিত জনতা ট্রাক ও চালককে আটক করে। তাদের হাত থেকে ট্রাকচালককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাঁরও চিকিৎসার প্রয়োজন। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য