শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের
একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসভায় সভাপতির বক্তব্যে দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এই কর্মসূচি ঘোষণা করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে নাটক করছে।
পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে।
শিক্ষা কারিকুলাম সম্পর্কে পীর সাহেব চরমোনাই বলেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।
সভায় আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কে এম আতিকুর রহমান।
