রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পেট্রলবোমা উদ্ধার
রাজশাহীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর শাহ মখদুম থানা এলাকার সিটি হাটের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। নগরীর শাহ মখদুম থানার (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা।
দুষ্কৃতকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
