চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েছেন রংপুর-রাজশাহীর কয়েক এমপি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রথম সভায় রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়। সভায় খুলনা বিভাগের মনোনয়ন নিয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সকালে মনোনয়ন বোর্ডের সভার শুরুতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যা যা দরকার আমরা সেগুলো করেছি।’
আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক করে সংসদীয় মনোনয়ন বোর্ড।
তিন বিভাগে ১০৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের পদপ্রার্থীরা এক হাজার ১২৭টি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগে ৪১৬টি, রাজশাহী বিভাগে ৪০৯টি এবং রংপুর বিভাগে ৩০২টি মনোনয়ন ফরম জমা পড়েছে।
আওয়ামী লীগ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ আসনের জন্য তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে।
