গাছে বেঁধে তুলে ফেলা হয় নখ, পানি চেয়েও পাননি শ্রমিক
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় যন্ত্রপাতি চুরির অপবাদ দিয়ে এক নির্মাণ শ্রমিককে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন মিলে ওই শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। এ সময় ওই শ্রমিক পানি পানি বলে চিৎকার করলেও কেউ পাশে আসেনি।
নির্যাতনের শিকার ওই শ্রমিক জানিয়েছেন, নির্যাতনের পর প্লাস দিয়ে তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের নখ তুলে ফেলা হয়েছে।
আহত ওই নির্মাণ শ্রমিক চার দিন ধরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ভিডিও ছড়িয়ে পড়লে নির্যাতনকারীরা এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বারপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আশিক ও হাফিজের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ করার জন্য আল আমিনকে নিয়ে গেলে পারিশ্রমিক ৬০০ টাকার বদলে ৫০০ টাকা দেন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আল আমিন বলেন, ‘হাসপাতালে আসার পর থেকে হুমকি দিচ্ছে, তারা আমাকে ও আমার পরিবারকে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে নাকি খুন করে গুম করে ফেলবে। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চেয়ে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’
ভিডিও ভাইরাল ও থানায় অভিযোগ হলে নির্যাতনকারীরা এলাকা থেকে গাঢাকা দেয়। এ জন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, অভিযোগ পাওয়ার পর ভিডিও দেখে আসামিদের চিহ্নিত করে আটকের জন্য চেষ্টা চলছে। তবে তারা এলাকা থেকে পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
