নির্বাচনের দিন দাদা বাড়ি আম কুড়াতে যাব: মেয়র আরিফ
সিলেটের সময় ডেস্ক :
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের দিন দাদার বাড়ি আম কুড়াতে যাবেন বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
নির্বাচনে তিনি কাউকে সমর্থন দিয়েছেন বলে গুঞ্জন উঠেছিল। এ বিষয়েই নিজের অবস্থান ব্যক্ত করে এ কথা বলেন। আরিফ বলেন, ‘কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচনের দিন দাদার বাড়ি আম কুড়াতে যাব আমি।’
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ‘ভয়েস অব সিলেট’ নামে একটি ফেসবুক পেজের লাইভে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বুধবারের ভোট নিয়ে কথা বলতে গিয়ে সিসিক মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, আমি আগেই বলেছি— আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এখন কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।’
এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনে আগ্রহ নেই উল্লেখ করে আজ দাদার বাড়ি গিয়ে আম কুড়াবেন বলে জানান।
মেয়র আরিফ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। নানা নাটকীয়তার পর দলের সিদ্ধান্তের কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল তার বন্ধু হওয়ায় অনেকে মনে করছিলেন আরিফবলয় বা বিএনপির ভোট বাবুল পাবেন। কিন্ত ভোটের আগ মুহূর্তেও কাউকে সমর্থন দেননি বলে জানালেন আরিফুল।
