আরিয়ানের মুক্তির জন্য হাতজোড় করে ভিক্ষা চান শাহরুখ, মেসেজ ফাঁস
শাহরুখ খানের পুত্র আরিয়ানের বিরুদ্ধে মাদকের মামলায় বেশ নড়েচড়ে বসেছিল গোটা বলিউড। ২০২১ সালে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় আরিয়ান খানকে। অনেক চড়াই-উতরাই পার করে ছেলেকে মুক্ত করেছেন শাহরুখ। তবে সেই মামলার রেশ এখনো কাটেনি। বরং নতুন করে হাওয়া লাগছে পাল। আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েরের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে মামলা শুরু করেছে সিবিআই। শোনা যায়, আরিয়ানকে মুক্ত করতে খান পরিবারের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেন প্রাক্তন এই এনসিবি প্রধান।
এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতে শাহরুখের সঙ্গে হওয়া কথোপকথোনের বিবরণ জমা দিলেন সমীর ওয়াংখেড়ে। শাহরুখের পাঠানো একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট বম্বে হাইকোর্টে জমা দেন প্রাক্তন এনসিবি কর্মকর্তা। ২০২১ সালের অক্টোবর মাসে গোয়াগামী এক প্রমোদতরী থেকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। সেই দলের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। আরিয়ান খানের বিরুদ্ধে মাদক সেবন এবং সংগ্রহে রাখার অভিযোগ উঠেছিল। বৃহত্তর মাদকচক্রের সঙ্গে জড়িত আরিয়ান এমনটাও দাবি করেছিলেন তদন্তকারীরা। পরবর্তীতে বম্বে হাইকোর্ট জামিনে মুক্তি দেয় আরিয়ানকে। সমীর ওয়াংখেড়েকেও সরিয়ে দেওয়া হয় এই মামলা থেকে, এনসিবির অপর দল আদালতে চার্জশিট পেশের সময় আরিয়ানকে নির্দোষ ঘোষণা করেন। এরপর বেশ খানিকটা সময় কেটেছে। এখন অভিযুক্তর আসনে সমীর ওয়াংখেড়ে। সেইসময় ড্রাগ মামলা থেকে আরিয়ানকে রেহাই দিতে নাকি শাহরুখের কাছে ২৫ কোটি টাকা চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে।
অপর এক মেসেজে কিং খান লেখেন, ‘আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে আমার কথা ভেবে ব্যক্তিগতভাবে এতকিছু বললেন। আমি নিশ্চিত করব ও (আরিয়ান) এমন একজন মানুষ হয়ে ওঠবে যাকে নিয়ে আমি আর আপনি দুজনেই গর্ব করব। আমি কথা দিচ্ছি এই দুর্ঘটনা ওর জীবনের একটা ইতিবাচক টার্নিং পয়েন্ট হবে। এই দেশের প্রয়োজন দায়িত্বশীল এবং সৎ নতুন প্রজন্মের, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে সঠিক পথে। আমি, আপনি নিজেদের দায়িত্ব পালন করেছি, এবার সেটা নতুন প্রজন্মকে করে দেখাতে হবে। ভবিষ্যতের জন্য তাদের গড়ে তোলাটা কিন্তু আমার-আপনার হাতে। ধন্যবাদ আপনার সমর্থন এবং মহানুভবতার জন্য।’
