আলোচনায় এগিয়ে যে নায়িকারা
বিনোদন ডেস্ক ঃ
করোনা মহামারীতে থমকে গিয়েছিল পুরো বিশ্ব। বিনোদন ইন্ডাস্ট্রিতেও এর বেশ প্রভাব পড়ে। সেই ধাক্কা কাটিয়ে ফের জেগে উঠেছে সিনেমার বাজার। অনেকগুলো সুপারহিট সিনেমার সুবাদে বলিউডও জমজমাট। বর্তমানে বক্স অফিসের যে চিত্র, তাতে বলিউডের কোন অভিনেত্রী এগিয়ে আছেন আয়ের নিরিখে সেই তালিকা প্রস্তুত করেছে বলিউড হাঙ্গামা। আমাদের সময়ের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো…
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে মহামারী-পরবর্তী সময়টাতে। ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ নামের ছবিটিতে প্রথমবারের মতো তিনি হার্টথ্রব তারকা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে হাজির হন। সাহসী-খোলামেলা রূপে অভিনয় করে আলোচনায় ছিলেন শ্রদ্ধা। বক্স অফিসে তার ছবিটির আয় দাঁড়ায় ১৪৯ কোটি ৫ লাখ রুপি। লাভ রঞ্জন পরিচালিত এ সিনেমায় রণবীর-শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, হাসনিত কৌর এবং অতিথি চরিত্রে কার্তিক আরিয়ান।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি রোহিত শেঠির ‘সূর্যবংশী’, অন্যটি গুরমিত সিংয়ের ‘ফোন ভূত’। এর মধ্যে প্রথম ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। করোনা-পরবর্তী সময়ে বলিউডের প্রথম সফল ছবিও এটি। তবে ‘ফোন ভূত’ একেবারেই মুখ থুবড়ে পড়েছিল; যার কারণে তালিকায় পিছিয়ে পড়েছেন ক্যাটরিনা। বক্স অফিসে তার ছবির গড় আয় ১০৫ কোটি ১ লাখ রুপি। তবে ‘টাইগার ৩’ দিয়ে তিনি চেনা দমে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
সেরা দশের বাকি পাঁচ অভিনেত্রী
সেরা দশে থাকা বাকি অভিনেত্রীরা হলেন মানুষী ছিল্লার (৬৮ কোটি ৫ লাখ), কারিনা কাপুর খান (৫৮ কোটি ৭৩ লাখ), কৃতি স্যানন (৪৯ কোটি ৬১ লাখ), দিশা পাটানি (৪১ কোটি ৬৯ লাখ) ও জ্যাকুলিন ফার্নান্দেজ (৪১ কোটি ২২ লাখ)।
দীপিকা পাড়ুকোন
একটি সিনেমা দিয়েই আলোচনার শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ ছবিতে তার আবেদনময়ী উপস্থিতি দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে। হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ ৫৪৩ কোটি ৫ লাখ রুপি (শুধু ভারতে) আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। সিদ্ধার্থ আনন্দ নির্মিত এ ছবির নাম ভূমিকায় আছেন শাহরুখ খান। গত ১২ মে বাংলাদেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। বুধবার পর্যন্ত ছবিটির ৮০ লাখ টাকার বেশি টিকিট বিক্রির তথ্য জানান আমদানিকারক অনন্য মামুন।
আলিয়া ভাট
করোনাপরবর্তী সময়ে আলিয়া ভাটকে দেখা গেছে দুটি সিনেমায়। এগুলো হলো সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ও অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ওয়ান : শিবা’। দুটি সিনেমা মিলিয়ে বক্স অফিসে অভিনেত্রীর গড় আয় ১৯৩ কোটি ২৭ লাখ রুপি। এর মধ্যে ‘গাঙ্গুবাঈ’ হয়ে তিনি ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের। ছবিতে অজয় দেবগনকে ক্যামিও চরিত্রে দেখা গেছে। অন্যান্য চরিত্রে ছিলেন শান্তনু মহেশ্বরী, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি প্রমুখ।
কিয়ারা আদভানি
হালের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। করোনার শুরু থেকে এখন পর্যন্ত তিনটি ছবিতে হাজির হয়েছেন তিনি। এগুলো হলোÑ আবির সেনগুপ্তের ‘ইন্দু কি জাওয়ানি’, আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ২’ এবং রাজ মেহতার ‘যুগ যুগ জিও’। এর মধ্যে ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছে। এতে কিয়ারার সহশিল্পী ছিলেন কার্তিক আরিয়ান। অন্য দুই ছবি মোটামুটি আয় করেছে। বক্স অফিসে তিন ছবির গড় আয় ৯০ কোটি ৬৭ লাখ রুপি।
