বাবার পর ছেলে; প্রথমবার আইপিএলে খেলল দুই প্রজন্ম
বাবা খেলেছেন বেশ কয়েকবছর আগে, তারপর ছেলেও সুযোগ পেয়ে গেলেন মাঠে নামার। প্রথমবারের মতো এই ঘটনা ঘটল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আজ রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার অর্জুন টেন্ডুলকারের। যিনি ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে। এর মাধ্যমে আইপিএল খেলা হয়ে গেল দুই প্রজন্মের।
২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন শচীন টেন্ডুলকার। একই পরিবারের একাধিক সদস্যের আইপিএলে খেলার ঘটনা বেশ কয়েকটি আছে। যেমন ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান খেলেছেন। এখন খেলছেন হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়া। এছাড়া মার্কো জানসেন এবং ডুয়ান জানসেনও আইপিএলে খেলেছেন। কিন্তু বাবা-ছেলের আইপিএল খেলার ঘটনা এটাই প্রথম। সেটাও আবার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে।
