সোহাগ নিষিদ্ধ; কিছু বলতে চান না সালাউদ্দিন
বাংলাদেশের ফুটবলে আরও একটি কলঙ্কের জন্ম হলো। ‘টাকার অভাবে’ সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অলিম্পিক বাছাইয়ে না পাঠানোয় দেশজুড়ে চলমান সমালোচনার মাঝেই এবার টাকার হিসেবে গড়মিল করার অভিযোগে দুই বছর নিষিদ্ধ করা হলো বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। মিথ্যা এবং জাল নথি প্রদান করায় তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে রাজি নন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ফিফার ওয়েবসাইটে সোহাগকে নিষিদ্ধ করার সংবাদ প্রকাশ হওয়ার পর কাজী সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয় তার বক্তব্যের জন্য। বাফুফে সভাপতি বলেন, ‘আমি নোটিশটা পাই, কাল অফিস করুক। আমি দেখে বলব কী করা যায়। ফিফা সাসপেন্ড করলে তো আমরা সাসপেনশনেই রাখব। এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয় সে আপিল করতে পারে। দেখি কী হয়। একটা মেইল পেয়েছি। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না। এখন এ বিষয়ে মন্তব্য করলে সেটা সঠিক হবে না। আগে বুঝে নেই বিষয়টা কী, তারপর বলব।’
