শিশু হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর শেরে বাংলা নগরের ঢাকা শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে মো. মামুন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি মিরপুর এলাকার বাসিন্দা।
শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম আল মামুন জানান, নিহত মামুন মিরপুর পল্লবী এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম মৃত ফজলুল হক। রবিবার সকালে তিনি একটি মাদক নিরাময় কেন্দ্রে মা ও স্ত্রীর সঙ্গে চিকিৎসা নিতে এসেছিলেন। এরপর শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় তাঁকে চোর সন্দেহে মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর ঘটনাস্থল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন শেরে বাংলা থানার ওসি উত্পল বড়ুয়া। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখার পরে তিনি বলেন, ‘এখন কিছু বলা যাবে না। আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
মারধরের কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘মারধরের কারণ সম্পর্কে জানা যায়নি। শুনেছি জনতা গণধোলাই দিয়েছে।’ আনসার সদস্যরা ও অ্যাম্বুলেন্সচালকেরা মারধর করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কাজ করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিছু পেলে আপনাদের জানাব।’ সিসিটিভি ফুটেজ দেখার বিষয়ে তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ পেয়েছি। কিন্তু এখন তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।’
