কোমরে পিস্তল গুঁজে ফেসবু‌কে ছ‌বি, ছাত্রলীগ নেতা পু‌লিশ হেফাজ‌তে

সিলেটের সময় ডেস্ক :

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে তাকে জিজ্ঞাসাবা‌দের জন‌্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব আটকের সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে বিকেল ৩টার দিকে আটক করে থানায় নিয়ে হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, শুভ্রদেব শনিবার (২৫ মার্চ) তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্পর্কে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কি-না কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না।

ছাত্রলীগের এই নেতা দাবি করেন, তার ওই পিস্তলটি খেলনা পিস্তল। বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে তার ভাতিজার জন্য খেলনা পিস্তলটি কিনেছেন। শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোস্ট করেছেন। এরপর নানাজন নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, বিষয়টি জানতে পেরেছি। শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ছবি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি দেওয়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। যদি সংগঠন পরিপন্থী কোনো কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য