ফরিদপুরে শান্তা হত্যার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

ফরিদপুরের চাঞ্চল্যকর শান্তা হত্যার মামলার প্রধান আসামি তার স্বামী আসাদ ওরফে বাচ্চুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ এর কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার গ্রেপ্তা‌রের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৮ জানায়, ফরিদপুর সদরের একটি অ্যাগ্রো ফার্ম থেকে ২০২২ সালের ২৫ অক্টোবর নিজ স্ত্রী শান্তাকে (২২) খুন করে আসামি আসাদ ওরফে বাচ্চু (৪০) পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। ওইদিন বেলা ১১টার দিকে জেলা সদরের দিরাজতুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ইদ্রিস অ্যাগ্রো ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শান্তা এবং তার স্বামীর নাম বাচ্চু শেখ (৪০)। তাদের দুজনের বাড়ি মধুখালী উপজেলায়। শান্তা ওই ফার্মের শ্রমিক ছিলেন। তার স্বামী বাচ্চু ফার্মের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পরে ওইদিন সকালে ১০টার দিকে শ্রমিকরা ফার্মের আবাসিক কক্ষে শান্তার মরদেহ পড়ে থাকতে দেখে ফার্মের মালিককে জানান। পরে ফার্মের মালিক ইদ্রিস মিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

থানা ও র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া বাচ্চু এর আগেও দুটি  বিয়ে করেছেন। আগের স্ত্রীদেরও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শান্তাকে বিয়ের তিন মাসের মাথায় যৌতুকের টাকা না পাওয়ার জন্য নির্যাতন করে হত্যা করেন। পরে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন তিনি।

কোতয়ালী থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামি বাচ্চুকে গ্রেপ্তা‌রের জন্য র‌্যাবের সহযোগিতা চান। র‌্যাব-৮ সিপিসি-২ (ফরিদপুর ক্যাম্প) ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামির অবস্থান নোয়াখালীতে বলে নিশ্চিত করে। অভিযানে র‌্যাব-১১, সিপিসি-৩ যোগ দেয়। পরে র‌্যাব-১১, সিপিসি-৩ এবং র‌্যাব- ৮, সিপিসি-২ এর যৌথ অভিযানে র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে মূল হত্যাকারী আসাদ ওরফে বাচ্চুকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ীর কানাই মাতুব্বর গ্রামের সাত্তার শেখের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর আসামিকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

এ বিভাগের অন্যান্য