আবারও বাড়ল সোনার দাম
দুই দফা দাম কমানোর পর দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা।
আগামীকাল শুক্রবার থেকেই সোনার এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে মঙ্গল ও বুধবার দুই দফায় সোনার দাম কমানো হয়।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা এক হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।
