রোয়াংছড়িতে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রামথার বম পাড়া থেকে থাং চোয়াল বম (৭৪) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে রামথার বম পাড়ার কাছাকাছি একটি জঙ্গল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর রামথার বম পাড়াসহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সেখানে বিশেষ টহল দিচ্ছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, নব্য বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ’ এর সঙ্গে অজ্ঞাতনামা কোনো গ্রুপের গোলাগুলির ঘটনায় থাং চোয়াল বমের মৃত্যু ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়ে পালিয়ে যায়।
