শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২১ প্রধান শিক্ষকের অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বরখাস্তকৃত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। তাকে পুনরায় এই উপজেলায় নিয়োগ না দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছে উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রবিবার (১৯ মার্চ) দূপুরে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এই অভিযোগ করা হয়।
উল্লেখ্য, গতবছর ভূরুঙ্গামারী উপজেলায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তৎকালিন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ২৩ সেপ্টেম্বর-২০২২ তারিখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তখন থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালনে ছিলেন উদাসিন। তার আচার-আচরনও ভালো ছিলোনা। তাই আমরা তাকে এই উপজেলায় পুনঃ নিয়োগ না দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম প্রধান শিক্ষকগণের অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিধি অনুযায়ি তা অগ্রগামি করা হবে।
