প্রথম ভোটারের দেখা মিলল ৪০ মিনিট পর
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায়। উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে ভোট শুরুর প্রথম ৪০ মিনিট পর্যন্ত কোনো ভোটারের দেখা মেলেনি।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোটার নেই। এমন পরিস্থিতি ছিলো সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত। ৯টা ১১ মিনিটে অবশেষে মিললো ভোটারের দেখা। ভোট দিতে এলেন কয়েকজন নারী ভোটার। ভাগ্য রানী দাস নামের এক নারী প্রথম ভোট দেন।
৪০ মিনিট পর প্রথম ভোট দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ১৩১ জন। কেন্দ্রটি নারী ভোটার কেন্দ্র। ভোটারদের উপস্থিতি একেবারেই কম। যারা আসছেন, তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
ওই কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এসআই মো. শাহজাদা বলেন, ভোটাররা যেন সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ অনিয়মের চেষ্টা করলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।
ভোটাররা বলছেন, মূল লড়াইটা হবে এই দুই প্রার্থীর মধ্যেই। তবে আরেক বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য (কাপ-পিরিচ) মো. হারুনর রশীদ মজুমদারও নিজেকে মাঠের শক্ত প্রার্থী দাবি করেছেন। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী মাঠে রয়েছেন।
লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৭ হাজার ২১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৫৭৪ জন। আর নারী ৭৭ হাজার ৬৪৩ জন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কাউকে অনিয়মের সুযোগ দেওয়া হবে না। কেউ ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব। এরই মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
