গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ : ভবন মালিকসহ ৩ জন কারাগারে
রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত ভবন মালিকসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও তার ভাই মতিউর রহমান এবং ভবনের বেইসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।
আজ রবিবার দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির নাম কুইন টাওয়ার। গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে ওই ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
সূত্র : বাসস
