বাংলাদেশের উন্নয়ন বিশ্বের কাছে রোল মডেল : এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে এত অল্প সময়ে বাংলাদেশ কীভাবে এতটা উন্নত হলো- সারা বিশ্ব আজ সেই গবেষণাই করছে। বর্তমান সরকারের টানা তিন মেয়াদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও যোগ্য নেতৃত্বের কারণে দেশে যেই পরিমাণ উন্নয়ন হয়েছে, তা বিশ্বের কাছে আজ রোল মডেল।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে অবস্থিত নিজ বাসভবনের সামনের মাঠে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
সুশাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, আমি আপনাদের সন্তান, কিন্তু সারাদেশের মন্ত্রী। তাই পক্ষপাতিত্ব না করে সারাদেশেই সমানতালে উন্নয়ন করেছি। দেশের সকল স্থানের মতো আমার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জেও শেখ হাসিনার সরকার নজিরবিহীন উন্নয়ন করেছে। সর্বত্র শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচন করায় মনোহরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, আমার আজকের এ অবস্থানে আসার পেছনে আপনাদের অবদান ও সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে। আমি যেখানেই যাই না কেন আমার প্রেরণা ও মনোবলের উৎস মনোহরগঞ্জের মাটি ও মানুষ। আমার জন্মস্থানের প্রতি আবেগ দিন দিন বেড়েছে। আপনাদের ভালোবাসা পেয়ে, আমার দায়িত্বও বৃদ্ধি পেয়েছে। আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজ আমি সারাদেশের মানুষের মন্ত্রী। এ কথা মাথায় রেখেই সততার সঙ্গে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি।
এর আগে পৃথক অনুষ্ঠান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের অবস্থান উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে নারীরা আর এখন পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সেজন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে জাতি হিসাবে আমরা তত সামনে এগুতে পারব।
এ সময় মন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকার নারীদের সফল উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম-গঞ্জে নারীদের এই জাগরণই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষমাত্রা অর্জনে আমরা সঠিক পথে রয়েছি। পেশী শক্তির জোরে পুরুষরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। আমাদের নারীরা কোনো অংশেই পুরুষদের থেকে এখন আর পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুণাবলীতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা।
