চাঁদা না পেয়ে বিদ্যালয়ে ভাঙচুর, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
সিলেটের সময় ডেস্ক ঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে চাঁদা দাবি ও ভাংচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ৫ মার্চ (রোববার) দুপুরে উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালে সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের আইয়ুব মণ্ডলের ছেলে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনিস মণ্ডল ও জিহাদ মণ্ডলসহ ১০-১৫ জনের একটি দল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাদের চাঁদা দিতে অস্বীকার করলে রানা মণ্ডলের নির্দেশে হামলা চালিয়ে ৫০-৬০টি চেয়ার, আসবাবপত্র ও মঞ্চ ভাংচুর করা হয়। এ ঘটনার পর অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
