মাদক কারবারির বাড়ির পাশে যুবকের লাশ, বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা
টাঙ্গাইলের দেলদুয়ারে এক মাদক কারবারির বাড়ির পাশ থেকে রায়হান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে স্থানীয়রা ওই মাদক কারবারির বসতবাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাদতলা গ্রামের মর্জিনা নামের চিহ্নিত এক মাদক কারবারির বাড়িতে এই ঘটনা ঘটে।
রায়হান একই উপজেলার নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
স্থানীয়দের ধারণা, মাদক কিনতে গিয়ে দর-কষাকষির এক পর্যায়ে মর্জিনার পরিবার অথবা তার লোকজন রায়হানকে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ফেলে রেখে যায়। ঘটনার পর থেকে মাদক কারবারি ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
স্থানীয়রা আরো জানান, মর্জিনা একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালত পাঠালেও জামিনে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন। তার স্বামীও মাদক কারবার করতেন, কয়েক বছর আগে তিনি মারা যান। তার তিন ছেলেও মাদক কারবারের সঙ্গে জড়িত।
