নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যু, প্রতিবাদে গাড়ি ভাঙচুর
ফরিদপুরে বাসের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের মেঘারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম চম্পা রানি বিশ্বাস (৬১)। তিনি নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের কালু বিশ্বাসের স্ত্রী।
