‘তানভীরের মতো স্পিনার পাওয়া পুরো সিস্টেমের জন্যই ভালো’
সদ্যঃসমাপ্ত নবম বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই তরুণের শিকার ১৭ উইকেট। গত আসরেও নেন ১৬ উইকেট। সম্প্রতি তানভীর যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথের স্পিন ক্যাম্পে। সেখানে এই তরুণকে দেখে মনে ধরেছে হেরাথের।
আজ মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের হেরাথ বলেন, ‘তানভীরকে দেখে আমি খুবই খুশি হয়েছি। ও বিপিএলে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে। এর আগের টুর্নামেন্টগুলোতেও ভালো করেছে। এদিক থেকে বলব, এমন স্পিনার পাওয়া পুরো দলের জন্যই ভালো। কারণ তাইজুল-নাসুম, এমনকি সাকিবেরও কিছু হলে, তাদের পেছনে আরো ক্রিকেটার তৈরি থাকবে। আমি খুব খুশি হয়েছি, তানভীর এই অনুশীলনে যোগ দিয়েছে।’
