মোটরসাইকেল দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।
নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ ওসামা। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ৩টার দিকে রাজাবাড়ি এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ কালের কণ্ঠকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
