ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়
রাজধানীর পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। আগামী ৩১ জানুয়ারি এই মেলা শেষ হবে। এ কারণে ছুটির দিনে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নেমেছে। তবে মেলায় দর্শনার্থী বাড়লেও তুলনামূলক বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গিয়ে এমন চিত্র দেখা যায়।
মেলায় প্রবেশের পরই চোখে পড়ে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সামনে থাকা সুবিশাল খালি জায়গা। যেখানে রয়েছে বিশ্রাম করার জন্য বেঞ্চ, দৃষ্টিনন্দন ফোয়ারা ও হাঁটা-চলার জন্য পর্যাপ্ত জায়গা। সেখানে অনেকেই গল্প-আড্ডায় মেতে ওঠেছেন। আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত।
এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। এতে ভারত, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।
