ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকের তিন আরোহী নিহত

সিলেটের সময় ডেস্কঃ

রাজশাহীর পবায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইকের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার ডাঙ্গেরহাট এলাকায়  লিলি হলের মোড়-দারুসা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই এলাকাটি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে।

নিহত তিনজন হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।

কর্ণহার থানার  ওসি ঈসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী শহরের দিকে আসছিলেন মোটরসাইকেল আরোহী তিনজন। আর শহর থেকে আসছিল একটি রডবোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত ৩ জনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য