গাইবান্ধায় ভোটগ্রহণ সুন্দর শুরু, চমৎকার দিয়ে শেষ
সিলেটের সময় ডেস্কঃ
অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচন নিরপেক্ষতার দৃষ্টান্ত বলেও জানান তিনি।
বুধবার (৪ জানুয়ারি) নির্বাচন ভবনে উপনির্বাচন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল (সিইসি) বলেছেন, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের শুরুটা যেমন সুন্দর ছিল তেমনি শেষটাও চমৎকার ছিল।
আজকের উপনির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেদিক থেকে নির্বাচনটি সফল হয়েছে। নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৩৫ শতাংশের মতো।
১২ অক্টোবরের মতো বৃহস্পতিবারের ভোটও ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় দেখেছে নির্বাচন কমিশন। কিন্তু এবার আসেনি অনিয়মের কোনো অভিযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও বলেছে ভোট সুষ্ঠু।
সকাল সাড়ে ৮টা থেকে গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেয়া হয় এ ভোট।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন, ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে ভোটকেন্দ্রগুলোয় স্থাপন করা হয়েছিল ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা। যা পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং সেলও গঠন করেছিল ইসি। সেই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ করার জন্য বিজিবি, র্যাবের মোবাইল টিম ছাড়াও পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। ফলে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
