নাটকীয়তায় ভরা ছিল চলতি বছরের নাট্যাঙ্গন
বিনোদন ডেস্ক ঃ
প্রযুক্তির সহজলভ্যে দিন যত পার হচ্ছে বাংলাদেশি নাটক নির্মাণ ও প্রচারের হার তত বাড়ছে। সেসঙ্গে নাটকপাড়ায় নানা নাটকীয় গল্পও তৈরি হচ্ছে। ২০২২ সালেও তার ব্যত্যয় ঘটেনি। নানা আলোচনা-সমালোচনায় ব্যস্ত ছিল নাট্যাঙ্গন।
চলতি বছর অভিনয়ে বরাবরের মতো তুমুল ব্যস্ত ছিলেন নাটকের জনপ্রিয় মডেল ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ভিউর বিচারে এ বছর অপূর্বের নাটক ছিল তালিকার শীর্ষে। এরই মধ্যে তার অভিনীত কয়েকটি নাটক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা হয়েছে।
অন্যদিকে আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নাটকগুলোও ছিল নজরকাড়া। অধিক ভিউয়ের পাশাপাশি নিশো অভিনীত নাটক নিয়ে আলোচনাও হয়েছে প্রচুর। চলতি বছর তার অভিনীত নাটকের গল্প ও চরিত্রগুলোও ছিল বেশ প্রশংসনীয়। তাকে নিয়ে আলোচনার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে-আফরান নিশো প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। ‘সুড়ঙ্গ’ নামের সিনেমাতে তাকে শিগ্গির দেখতে পাবেন দর্শক।
এদিকে চলতি বছর নাটকে অভিনয়ের চেয়ে ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। চলতি বছর তার অভিনীত কয়েকটি ওয়েব নাটক বাংলাদেশ ও ভারতে ব্যাপক সাড়া ফেলে। যার ফলে কয়েকটি ওয়েব নাটকের সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন নির্মাতারা।
এ ছাড়া চলতি বছর মোশাররফ করিম বাংলাদেশে নির্মিত নাটকের পাশাপাশি কলকাতার ওয়েব সিরিজ ও সিনেমা নিয়েও ব্যস্ত ছিলেন।
বছরের শুরুতে সমালোচিত হয়েছেন তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোভান। সিনেমার নায়িকা পূজা চেরির সঙ্গে অন্তরঙ্গতার কথা শোনা গিয়েছিল। থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে রাস্তায় প্রকাশ্যে চুম্বন করার মতো অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছিল। যদিও সেটি নাকি ওয়েব নাটকেরই দৃশ্য ছিল বলে দুজনেই দাবি করেছেন। তবে এখন পর্যন্ত সে সময় ভাইরাল হওয়া ছবিগুলোর দৃশ্য নির্মিত কোনো নাটক বা ওয়েব সিরিজে দেখা যায়নি।
চলতি বছর নাটকে অভিনয় থেকে বিরতির ঘোষণা দেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার এ বিরতি দুই-তিন বছর এমনকি স্থায়ীও হতে পারে। অভিনয় বাদ দিয়ে পুরোদমে গান নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়েছেন তিনি।
চলতি বছরের শেষের দিকে দীর্ঘ চার বছর পর অভিনয়ে ফিরেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ। আলোচিত চিত্রনায়িকা বুবলির সঙ্গে জুটি বেঁধে ‘প্রহেলিকা’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নতুন বছর মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
চলতি বছরের শেষ দিকে নাটকের এক সময়ের জনপ্রিয় দুই অভিনেতা তৌকীর আহমেদ ও জাহিদ হাসান দীর্ঘদিন পর একসঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘কে’ নামের এ ওয়েব সিরিজটি শিগ্গির প্রচার হবে। জনপ্রিয় এ দুই অভিনেতাকে একসঙ্গে এক নাটকে অভিনয় করার খবরে দর্শক তাদের আগ্রহ প্রকাশ করেছে।
বিগত কয়েক বছর ধরে নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিয়ে নিয়ে অনেক কথাই শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়ে আলোচনাও হয়। সে ধারাবাহিকতায় চলতি বছর এ অভিনেত্রীর প্রেম ও বিয়ে নিয়ে গণমাধ্যমে বিচিত্র খবর প্রকাশ হয়েছে।
চলতি বছর বিজ্ঞাপনচিত্র নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে তার কয়েকটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হয়। এ দুজনের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা সহজেই অনুমেয়। এ নিয়ে মেহজাবিন চৌধুরীও কখনো কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। অথবা বিয়ের বিষয়টি অস্বীকারও করেননি। গণমাধ্যম থেকে জানতে চাইলে, ‘এখন এ বিষয় নিয়ে কথা বলতে চাই না অথবা বিয়ে নিয়ে এখনো কিছু ভাবছি না’ বলে সমালোচনা উড়িয়ে দিতেন।
এদিকে নাটকের আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও ছিলেন আলোচনা ও সমালোচনায়। চলতি বছর সংখ্যায় কম নাটকে অভিনয় করলেও তার অভিনীত নাটকগুলো নেট দুনিয়ায় সাড়া ফেলে। অভিনয় ছাড়াও এ অভিনেত্রী বছরের শেষের দিকে কিছুটা সমালোচিত হোন। একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমেরিকায় যান। সেখান থেকে মেক্সিকোসহ কয়েকটি দেশে ভ্রমণ করেন। সেখান থেকে সমুদ্র পার কিংবা সৈকতের পাশে টিকটক, ফেসবুকে রিয়েল প্রকাশ করেন পাশাপাশি নিজের তোলা খোলামেলা ছবিও প্রকাশ করেন।
অনেকের ধারণা, নতুন কোনো প্রেমে মজেছেন তানজিন তিশা। এ নিয়ে যসামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়। এদিকে বছরজুড়ে ইউটিউবে সবচেয়ে আলোচিত ধারাবাহিক নাটক ছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’। তবে এ নাটকটির কয়েকটি পর্ব সমালোচিতও হয়। নাটকটির সিজন থ্রি এ বছরই শেষ হয়ে যায়।
চলতি বছরের শেষ দিকে জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা সাবরীন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হন। স্বামী তাকে নিয়মিত নির্যাতন করেন, এ নিয়ে মামলাও করেছেন তিনি।
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা চলতি বছর শুটিংয়ে ফেরার কথা থাকলেও ফিরেননি। তবে তিনি একটি সিনেমার ডাবিং ও একটি সিনেমার মুক্তির প্রচারণায় অংশ নিয়েছেন।
এ ছাড়া সিনেমার অনেক তারকাকেই এ বছর নাটকে অভিনয় করতে দেখা গেছে। এর মধ্যে রয়েছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, ইমন, বিদ্যা সিনহা মিম, সাবরিনা সুলতানা কেয়া, শাহনূর।
এ ছাড়া নাটকের ভিউ, ঈদের সময় সংখ্যার আধিক্যসহ নানাবিধ ঘটনা নিয়ে নাটকীয়তায় কেটেছে চলতি বছরের নাট্যাঙ্গন।
