১৮ লাখ টাকা মূল্যের তক্ষকসহ চোরাকারবারি গ্রেফতার

সিলেটের সময় ডেস্কঃ

শেরপুরের শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া এলাকা থেকে অবৈধভাবে বন্যপ্রাণী পাচারকালে ১৮ লাখ টাকা মূল্যের একটি তক্ষকসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীবরদী উপজেলার মাটিফাটা গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে সুজন মিয়া (৩৮) ও মাধবপুর গ্রামের তারা মিয়ার ছেলে আলী হোসেন (২৮)।

বুধবার (২১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া পশ্চিম বাজার গরুরহাট সংলগ্ন পাকা রাস্তা থেকে অবৈধভাবে বন্যপ্রাণী পাচারকালে দুই প্রতারককে একটি তক্ষকসহ গ্রেফতার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা।

র‌্যাব-১৪ সিপিসি ১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান ও সিনিয়র এএসপি এমএম সবুজ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল এ অভিযান পরিচালনা করে।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় বুধবার দিবাগত মধ্য রাতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের নায়েক সুবেদার বাদশা মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন এবং রাতেই শ্রীবরদী থানায় গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়েছে।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বুধবার রাতে জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য