মৌলভীবাজারে ১৬ রোহিঙ্গা আটক

সিলেটের সময় ডেস্কঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আসা এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, আজ সকাল মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে (ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) যোগে মৌলভীবাজার আসার পথে সেই গাড়িতে থাকা কিছু যাত্রীদের তার রোহিঙ্গা হিসাবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।

শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জাকির হোসেন রোববার সকাল সাড়ে ৭টার সময় শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করেন। তারা চট্টগ্রাম থেকে আসা বাসটি থামিয়ে গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশু সহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে এসআই জাকির হোসেন সব রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর সরদার জানান, আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য