বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ
সিলেটের সময় ডেস্কঃ
যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোর্ট থানার পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ভারতের বনগাঁর একটি হাসপাতালে শাহীন (২৯) নামের ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহীনের ছোট ভাই তুহিন।
তিনি স্থানীয় পুটখালী গ্রামের শামসুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, শাহীন পেশায় একজন মাদক ব্যবসায়ী। ভারতীয় মাদক ব্যবসায়ীদের সহায়তায় তিনি গত ১৩ ডিসেম্বর মাদক আনতে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যান। পরে গত ১৫ ডিসেম্বর মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তিনি বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফের নির্যাতনে আহত অবস্থায় তাকে ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর শনিবার হাসপাতালে মারা যান তিনি।
পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার অপরাধে বিএসএফ নির্যাতন করে মেরে ফেলেছে বলে শুনেছি। আসল ঘটনা কি সেটা জানিনা। ’
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, বাংলাদেশি এক যুবকের মৃত্যু খবর আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তার মৃত্যু কী ভাবে হয়েছে সেটি জানতে পারিনি বা বিএসএফ ও আমাদের জানায় নি।
