সরল বিশ্বাসে ছেড়ে দিলেন গাঁজাসহ আটক দুই ছাত্রলীগ নেতাকে, ফিরে এলেন না কেউ

সিলেটের সময় ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটকের পর ফরম ফিলঅ্যাপের জন্য সরল বিশ্বাসে ছেড়ে দেওয়া হয় দুই ছাত্রলীগ নেতাকে ৷ কিন্তু তাদের দুজনের ফিরে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আর ফিরে আসেন নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরণজিত মহালদার।

এ দিকে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে আটককৃত দুজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশে সোপর্দ করলে তাদেরকে গ্রেপ্তার ও বাকি দুজনকে পলাতক দেখানো হয়৷

গ্রেপ্তার হওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ বিন সিদ্দিক (রোজেল) এবং জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক সাইফুল ইসলাম।

অন্যদিকে পলাতক দুই আসামি হলেন- বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান।
তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে বলে একাধিক সূত্র জানিয়েছে৷

তবে পলাতক রাজু আহমেদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন৷

পলাতক আসামিদের বিষয়ে সহকারী প্রক্টর পুরণজিত মহালদার বলেন, ‘চারজনকে আটক করার পর প্রক্টর দপ্তরে নিয়ে আসা হয়৷ আজকে দুজনের ফরম ফিল-আপের শেষ তারিখ বলে জানায়৷ তাই মানবিক দিক থেকে তাদেরকে ফরম ফিল-আপ করার সুযোগ দেওয়া হয় ৷ অথচ তারা এই সুযোগ নিয়ে পালিয়ে গিয়ে আর ফিরে আসেনি৷

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আর বাকি দুইজন পলাতক রয়েছে। তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ‘

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে ১২ পুরিয়া গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এ বিভাগের অন্যান্য