ফুটবল মাঠের বিরোধে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ
সিলেটের সময় ডেস্কঃ
ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই হলের শিক্ষার্থীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ইটপাটকেল ছুঁড়তে থাকেন শিক্ষার্থীরা।
এতে এখন পর্যন্ত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চ্যান্সেলর কাপ ফুটবলের ম্যাচে মুখোমুখি হয় মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হল। খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্তে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর খেলা বাদ রেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের হলের দিকে ফিরে আসে। তবে দুই হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে মুখোমুখি অবস্থান নেয়।
বটতলায় সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ইটপাটকেল ছুঁড়তে থাকেন শিক্ষার্থীরা। এতে এখন পর্যন্ত প্রায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ফিরোজ-উল-হাসান বলেন, বিকেলে খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়ায়। আমরা হল দুটির শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি। পরিস্থিতি এখন শান্ত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম বলেন, ঘটনা নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিম কাজ করে যাচ্ছে। আমরা পুলিশের সহায়তা নিব।
