শেরপুরে স্ত্রী হত্যা মামলার অভিযুক্ত স্বামী গাজীপুরে গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্কঃ

শেরপুরের নকলা উপজেলায় শাহনাজ পারভীন (৩৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত রাসেল মিয়াকে র‌্যাব-১৪ ও  নকলা থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর নকলা থানার পুলিশকে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রাসেল মিয়াকে গ্রেপ্তারের নির্দেশ দেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে শেরপুরের নকলা উপজেলার জানকিপুর গ্রামে তালাবদ্ধ ঘর থেকে শাহনাজ পারভীনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

তার মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই তার স্বামী রাসেল মিয়া পলাতক ছিলেন। এরপর আজ রাত ৮টার সময়  রাসেল মিয়াকে (৪৫) তথ্য-প্রযুক্তির সহয়তায় গাজীপুরের শ্রীপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেপ্তার করায় নিহতের মা লাকি বেগম স্বস্তি প্রকাশ করে উপযুক্ত শাস্তি দাবি করেন। নিহত শাহনাজ পারভীনের প্রথম সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

নিহতের মেয়ে মাহিমা আক্তার (১৮) অভিযোগ করেন, তার মাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন রাসেল মিয়া। অভিযুক্ত রাসেল মিয়া পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি তার আগের স্ত্রীকেও নির্যাতন করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাহিমা তার মায়ের হত্যার বিচার দাবি করেন।

এ বিভাগের অন্যান্য