নলছিটিতে বিএনপির ৭৯ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা
সিলেটের সময় ডেস্কঃ
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭৯ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফসহ ২৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলার বিবরণে জানা যায়, রাতে নলছিটি ফেরিঘাট সংলগ্ন চর বহরমপুর এলাকার একটি মসজিদে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে আট থেকে ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে গেলে তাদের মারধর করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করেন। এতে মামলার বাদী জুয়েল খান আহত হন। এ ঘটনায় ৯৯৯-এ ফোন করলে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় নলছিটি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম গিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ সজ্জন, বর্তমান সভাপতি সাইদুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক সুজন খানকেও আসামি করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
