আগের মালিকানাতেই খেলবে ‘সিলেট সিক্সার্স’

নিউজ ডেস্ক: আগের মালিকানায়ই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে অংশ নেবে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ‌‘সিলেট সিক্সার্স’।

শনিবার বিপিএল গভর্নিং বডির সাথে দীর্ঘক্ষণ আলোচনা শেষে আগামী চার বছরের জন্য দল রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত।

তিনি জানান, বিপিএল গভর্নিং বডির সাথে আলোচনা শেষে আগামী চার বছরের জন্য তারা সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া গভর্নিং বডির কাছে তারা কিছু দাবিও তুলে ধরেছেন বলে জানান তিনি।

এ বৈঠকে সিলেট সিক্সার্সের চিফ পেট্রোন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিপিএলে তিন বছরের জন্য সিলেট সিক্সার্স ফ্যাঞ্চাইজির মালিকানা কিনেছিলেন শাহেদ মুহিত। সেই মেয়াদ পেরিয়ে যাওয়ায় এ বছর থেকে নতুন করে আয়োজক বিসিবি’র সাথে চুক্তি করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে নানা কারণে সিলেট সিক্সার্সের মালিকানায় শাহেদ মুহিতের না থাকা নিয়ে গেল কয়েকদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে তিনি বিপিএলে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য