সিলেটে ময়লার ভাগাড় থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (২৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

র‌্যাব জানায়, অভিযানের সময় লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকার রশিদ ফিল্ড খেলার মাঠসংলগ্ন একটি ক্লাবঘরের বারান্দার ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয়ভাবে তৈরি দুটি পিস্তল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব অস্ত্র জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয়েছিল।

তিনি আরো বলেন, ‘সিলেট অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, গেল বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় একাধিক অভিযানে মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, তিন হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং আটটি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে।

এ বিভাগের অন্যান্য